এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা পাঁচ দিন লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই মেধাবী তরুণ।
চিকিৎসক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় রাফিদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গুরুতর আঘাত লাগে এবং বাম অংশে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এতে তাঁর মস্তিষ্কের বড় একটি অংশ অকেজো হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ কোষগুলো অকার্যকর হয়ে যায়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি সম্ভব হয়নি।
এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহীর বিনোদপুর বাজারে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন রাফিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাফিদ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইক হঠাৎ অসাবধানতাবশত ইউ-টার্ন নেয়। ঘটনার আকস্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন তিনি এবং সড়কের ডিভাইডারের সঙ্গে তাঁর মাথার প্রচণ্ড আঘাত লাগে।
দুর্ঘটনার পর পরই সহপাঠী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আঘাতের তীব্রতায় মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তিনি গভীর কোমায় চলে যান।
পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ একটি প্রতিনিধি দল হাসপাতালে রাফিদকে দেখতে যান। চিকিৎসকদের পরামর্শে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দুপুর সোয়া ১টার দিকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাফিদকে রাজধানীর মাদানি এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাফিদের চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে রুয়েট প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন। তবে শিক্ষক, সহপাঠী ও পরিবারের সবাইকে কাঁদিয়ে আইসিইউতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
রাফিদ শাহরিয়ার রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন (আইডি: ২১০৩০৯৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
এই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল ও মর্মান্তিক প্রয়াণে পুরো রুয়েট ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে শোকস্তব্ধ পরিবেশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাফিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।