আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
২ নভেম্বর, ২০২৬ ৭:২৫ পিএম
শেয়ার করুন:
আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ফের গ্রেপ্তার

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করেন। সোমবার শুনানির দিন ধার্য থাকায় মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন এর বিরোধিতা করে জামিন ও অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট সড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. শামীম মিয়া। আন্দোলন চলাকালে তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরবর্তী সময়ে দীর্ঘ চিকিৎসা শেষে ২০২৫ সালের ২২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি। শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।