এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসরায়েলের জাতীয় সংসদ (নেসেট) নির্বাচনের প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে কোনো পক্ষই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকটের জোটকে পেছনে ফেলে কিছুটা এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট।
দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ভোটের ৮৯ দশমিক ৮ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। এতে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং ‘ইয়াশার পার্টি’র প্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসনে জয় নিশ্চিতের পথে রয়েছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের ম্যাজিক ফিগার হলো ৬১টি আসন। অর্থাৎ, দুই জোটের কোনোটিই এখনো সরকার গঠনের নিরাপদ সীমায় পৌঁছাতে পারেনি।
বুথফেরত জরিপকে ভুল প্রমাণ করে নেতানিয়াহুর প্রত্যাবর্তন
ভোটের আগে পরিচালিত জনমত জরিপ এবং মঙ্গলবার ভোটগ্রহণ শেষে প্রধান সম্প্রচারমাধ্যমগুলোর প্রকাশ করা বুথফেরত জরিপে (এক্সিট পোল) আইজেনকটের জোটকে ২ থেকে ৩ আসনে এগিয়ে রাখা হয়েছিল। তবে ভোট গণনা যত এগিয়েছে, দৃশ্যপট ততই পাল্টাতে থাকে। বুথফেরত জরিপের ফলাফল ভুল প্রমাণ করে নেতানিয়াহুর দল ও তার মিত্ররা আইজেনকটের জোটের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায়।
‘তুরুপের তাস’ হয়ে দাঁড়িয়েছে আরব দলগুলো
এদিকে নির্বাচনে মূল রাজনৈতিক সমীকরণের নির্ণায়ক বা ‘কিংমেকার’ হয়ে উঠেছে প্রধানত আরব ভোটারদের সমর্থনপুষ্ট দুটি দল। তারা রেকর্ডসংখ্যক ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে। নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী মিত্রদের ক্ষমতার বাইরে রাখতে এবার আরব নাগরিকরা রেকর্ডসংখ্যায় ভোটকেন্দ্রে যান। এর আগে দেশটির ইতিহাসে আরব দলগুলোর সর্বোচ্চ আসন পাওয়ার রেকর্ড ছিল ১৫টি। নতুন সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
গণনার বাকি সাড়ে চার লাখ বিশেষ ব্যালট
নির্বাচন কমিটি জানিয়েছে, সাধারণ ভোটকেন্দ্রগুলোর প্রায় সব ব্যালট গণনা শেষ হলেও তথাকথিত ‘ডাবল-এনভেলপ’ পদ্ধতির ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ব্যালট এখনো গণনার অপেক্ষায় রয়েছে।
সেনাসদস্য, বন্দি, বিদেশে অবস্থানরত কূটনীতিক এবং অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম ভোটাররা মূলত এই বিশেষ ব্যালটে ভোট দেন। কোনো ভোটার একাধিকবার ভোট দিয়েছেন কি না—তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হয় বলে এসব ব্যালট গণনা দেরিতে শুরু হয়।
ইসরায়েলের পার্লামেন্টে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ৪০ হাজার ভোটের প্রয়োজন হয়। ফলে এখনও গণনার বাইরে থাকা এই বিশেষ ব্যালটগুলো চূড়ান্ত ফলাফলে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ ব্যালট গণনার কাজ শেষ করে শিগগিরই বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। আর নির্বাচনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে আগামী ৪ নভেম্বর।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৯ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৯ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।