নেত্রকোনায় শিশু কর্মচারীকে যৌন নির্যাতনের অভিযোগ: ফার্মেসি মালিক গ্রেপ্তার

মোঃ মহিউদ্দিন, জেলা প্রতিনিধি, নেত্রকোনাঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১০:২৪ পিএম
শেয়ার করুন:
নেত্রকোনায় শিশু কর্মচারীকে যৌন নির্যাতনের অভিযোগ: ফার্মেসি মালিক গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশু কর্মচারীকে বলাৎকারের (যৌন নির্যাতন) অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন দুলাল জালশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে। তিনি স্থানীয় জালশুকা বাজারে ‘মা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করেন। ভুক্তভোগী শিশুটি তাঁর ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করত।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে কাজ শেষে ফার্মেসি মালিক দুলালের বাড়িতে যায় শিশুটি। দুলালের স্ত্রী ও সন্তানরা বাবার বাড়িতে থাকায় ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। রাতের খাবার খেয়ে শিশুটি বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে দুলাল তাকে ডেকে নিয়ে নিজের বিছানায় শুতে বলেন। পরবর্তীতে রাত ১০টার দিকে ফার্মেসি মালিক দুলাল জোরপূর্বক শিশুটিকে যৌন নির্যাতন (বলাৎকার) করেন। ঘটনা শেষে অভিযুক্ত ব্যক্তি বাথরুমে গেলে শিশুটি তীব্র শারীরিক যন্ত্রণায় কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে চলে যায় এবং মা-বাবার কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুলালকে আটক করে হেফাজতে নেয়। একই সাথে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলমকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।