‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’

অনলাইন ডেস্কঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম
শেয়ার করুন:
‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের দীর্ঘ এক যুগ পর চাঞ্চল্যকর ও রোমহর্ষক সব তথ্য প্রকাশ পেয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় উঠে এসেছে ইলিয়াস আলীকে অপহরণের পূর্বপরিকল্পনা, আলামত নষ্টের অভিযোগ এবং তৎকালীন প্রভাবশালী মহলের সঙ্গে কথিত একটি ফোনালাপের বিবরণ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক গুম ও খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য আদালতকে অবহিত করেন।

চাঞ্চল্যকর সেই ফোনালাপ
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ও জিয়াউল আহসানের সাবেক ব্যক্তিগত বডিগার্ড (রানার) সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে আদালতকে জানানো হয়, ইলিয়াস আলী নিখোঁজের কিছুদিন পর তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে ফোনে কথা বলেন জিয়াউল আহসান। 

সাক্ষী জানান, র‍্যাব সদর দপ্তরে এক সকালে রোল-কলের সময় ফোনে ব্যস্ত থাকা অবস্থায় জিয়াউল আহসানের আরেকটি ফোন আসে। তখন তিনি অপর প্রান্তের ব্যক্তিকে ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন’ বলে কেটে দেন। এরপর নতুন কলটিতে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়—  
'স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

রাষ্ট্রপক্ষের দাবি, কথোপকথনে ব্যবহৃত ‘গলফ’ শব্দটি মূলত অপহরণ বা গুমের সাংকেতিক কোড হিসেবে ব্যবহার করা হয়েছিল। চিফ প্রসিকিউটর আদালতকে বলেন, ইমরুল কায়েস একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে নিজ কানে এই ফোনালাপ শুনেছেন, যা ইলিয়াস আলীকে গুম করার বিষয়ে সুস্পষ্ট স্বীকারোক্তি বহন করে।

প্রথম পরিকল্পনা ও আলামত নষ্টের অভিযোগ
সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র‍্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান। গাড়িতে বসে জিয়াউল আহসান ক্রমাগত বিভিন্ন স্থানে ফোন করে ‘টার্গেট ব্যক্তি’ কখন আসবেন তা জানতে চাইছিলেন। তবে সেদিন ওই ব্যক্তি না আসায় প্রথম পরিকল্পনাটি ব্যর্থ হয়।

পরবর্তীতে ১৭ এপ্রিল রাতে মহাখালী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। ছুটি কাটিয়ে ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে সাক্ষী দেখতে পান সদর দপ্তরের পরিবেশ অস্বাভাবিক থমথমে। সহকর্মীদের সূত্রে তিনি জানতে পারেন, র‍্যাবের অস্ত্রের ইন-আউট রেজিস্টার খাতা এবং সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। পাশাপাশি সকাল ৯টার নিয়মিত রোল-কল এগিয়ে এনে ৭টায় করা হচ্ছিল, যেখানে জিয়াউল আহসান নিজেই উপস্থিত থাকতেন।

সর্বোচ্চ শাস্তির আবেদন
যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, জিয়াউল আহসানের অপরাধের মাত্রা নজিরবিহীন। তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে। 

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার চালক আনসার আলী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছিল, তা আনুষ্ঠানিকভাবে এখনো অপ্রকাশিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।