থানচিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে ৮৭ শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৪:৩৪ পিএম
শেয়ার করুন:
থানচিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে ৮৭ শিক্ষার্থীর পরিচ্ছন্নতা অভিযান

বান্দরবানের থানচি উপজেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত এবং টাইফয়েড, ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষক ও ৮৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৬টা থেকে উপজেলা সদরের বাসস্টেশন, উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ, স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানচি স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো নির্ধারিত বর্জ্য ফেলার স্থানে নিয়ে জমা করা হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পরামর্শে স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (এইচএফ) রোয়াক্যং শিক্ষা প্রকল্পের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালক মংমংসিং মারমা জানান, লামা, রুমা ও থানচি—এই তিন উপজেলায় তাঁদের সংস্থার ৩৫টি রোয়াক্যং স্কুল রয়েছে। এসব বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী এবং ৬০ থেকে ৭০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁরা প্রতি সপ্তাহে অথবা মাসে অন্তত একবার নিজ নিজ বিদ্যালয় ও আশপাশের গ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ ছাড়া প্রতিবছর নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে উপজেলা সদরে মাসে দুবার করে এ ধরনের কার্যক্রম চালানো হয়।

তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযান শুধু ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা, যেখানে-সেখানে বর্জ্য না ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজের অন্যদের স্বাস্থ্যসচেতন করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ডেঙ্গু ও ম্যালেরিয়াবাহী মশার প্রজননস্থল ধ্বংস, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমাতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অভিযানে প্রকল্প ব্যবস্থাপক বিদ্যাপূর্ণ চাকমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মারমা, সুপারভাইজার হালিরাম ত্রিপুরা, রোয়াক্যং স্কুলের শিক্ষিকা চেরি ত্রিপুরা ও হ্লায়ইচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে রোয়াক্যং স্কুলের ৮৭ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আয়োজকেরা জানান, পরিবেশ দূষণ কমানো, মশার বংশবিস্তার রোধ, অপচনশীল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।