এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারের ‘স্কুল ফিডিং’ প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বিদ্যালয়গুলোতে উপস্থিতি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। বার্ষিক পরীক্ষার আগমুহূর্তে এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে প্রকল্পটি দ্রুত পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ও পুষ্টি নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বেসরকারি সংস্থা ‘ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ইএসডিও)-এর মাধ্যমে জলঢাকা উপজেলায় পরীক্ষামূলকভাবে ১৮ মাস মেয়াদি এই স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত ছিল, প্রকল্পটি সফল হলে পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো হবে। তবে নির্ধারিত ১৮ মাস পূর্ণ হওয়ায় গত ১১ নভেম্বর প্রকল্পটির কার্যক্রম সমাপ্ত হয়। আর এর রেশ ধরেই বিদ্যালয়গুলোতে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি দ্রুত কমতে শুরু করেছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় উপস্থিতির এই নিম্নমুখী চিত্র।
শৌলমারী ইউনিয়নের কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্য সহায়তা পেত ১৫৩ জন। অথচ গত বৃহস্পতিবার বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপস্থিত ছিল মাত্র ১০২ জন। একই চিত্র দেখা গেছে অন্যান্য প্রতিষ্ঠানেও—
কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ২১১ জন, খাদ্য পেত ১৯০ জন; বর্তমান উপস্থিতি ১৩৫ জন।
সিংড়িয়া চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ১৬৭ জন, খাদ্য পেত ১৫১ জন; বর্তমান উপস্থিতি ১৩০ জন।
খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ৮৮ জন, খাদ্য পেত ৬৮ জন; বর্তমান উপস্থিতি মাত্র ৫০ জন।
বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ১৭৯ জন; বর্তমান উপস্থিতি ১৪০ জন।
বালাপাড়া আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ৯৯ জন; বর্তমান উপস্থিতি ৫৫ জন।
উত্তর দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ৩৪৩ জন; বর্তমান উপস্থিতি ২৪৫ জন।
কাঁঠালি ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ৩২৯ জন; বর্তমান উপস্থিতি ২৫০ জন।
দক্ষিণ দেশিবাই রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ১৯৪ জন; বর্তমান উপস্থিতি ১৪০ জন।
খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ২০২ জন; বর্তমান উপস্থিতি ১৪৫ জন।
দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ১৭৫ জন; বর্তমান উপস্থিতি ১২০ জন।
পশ্চিম বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ১১৭ জন; বর্তমান উপস্থিতি ৮৫ জন।
কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ২১৫ জন; বর্তমান উপস্থিতি ১৪০ জন।
উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট শিক্ষার্থী ৯৮ জন; বর্তমান উপস্থিতি মাত্র ৬৫ জন।
উপস্থিতি কমে যাওয়ার বিষয়ে কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী রায় বসুনিয়া বলেন, “স্কুল ফিডিং প্রকল্পের সুবাদে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের আগেই স্বতঃস্ফূর্তভাবে স্কুলে আসত। এমনকি অভিভাবকরাও নিজ উদ্যোগে শিশুদের স্কুলে পৌঁছে দিতেন। খাবার সরবরাহ বন্ধ হওয়ায় মাত্র তিন সপ্তাহের ব্যবধানে উপস্থিতিতে ধস নেমেছে। সামনে বার্ষিক পরীক্ষা এবং নতুন শিক্ষাবর্ষ; এই সময়ে এমন পরিস্থিতি আমাদের ভাবিয়ে তুলছে।”
দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিয়ার রহমান জানান, প্রকল্পটি শিশুদের বিদ্যালয়মুখী করতে দারুণ ভূমিকা রেখেছিল। এখন খাবার বন্ধ হয়ে যাওয়ায় ক্লাসে তাদের ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ছে।
খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী রায় আক্ষেপ করে বলেন, “আগে পুষ্টিকর খাবার পাওয়ার কারণে শিশুরা নিজ থেকেই স্কুলে আসত। এখন খাবার বন্ধ হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে ডেকেও শিক্ষার্থীদের ক্লাসে আনা যাচ্ছে না। তাই কোমলমতি শিশুদের স্বার্থে প্রকল্পটি দ্রুত আবারও চালু করা প্রয়োজন।”
এ বিষয়ে নীলফামারী জেলা স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা ইএসডিও-এর জেলা ব্যবস্থাপক সামসুল আলম জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং গ্রামীণ হতদরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার পরীক্ষামূলকভাবে ১৮ মাসের এই প্রকল্প গ্রহণ করে। গত ১১ নভেম্বর প্রকল্পের মেয়াদ পূর্ণ হয়েছে।
তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে প্রতিদিন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার সরবরাহ করা হতো। আর এসব খাবার তৈরির দায়িত্বে ছিলেন উপজেলার ১৮১ জন প্রান্তিক নারী উদ্যোক্তা। এর ফলে একদিকে যেমন বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমেছিল, অন্যদিকে গ্রামীণ নারীদের জন্য সৃষ্টি হয়েছিল কর্মসংস্থান।
স্থানীয় শিক্ষক ও সচেতন মহলের মতে, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে এবং প্রাথমিকে উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রকল্পটির কোনো বিকল্প নেই। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে প্রকল্পটি দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।