গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

অনলাইন ডেস্কঃ
২২ নভেম্বর, ২০২৬ ৩:৪০ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে নিয়ে মিছিল বের করেন। বেলা ১১টার দিকে তাঁরা শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। 

খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ (এসআরবি), আনসার ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মুখে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। 

পরবর্তীতে শ্রমিকেরা পিছু হটে ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। 

বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মহাসড়কে নিরাপত্তা বজায় রাখতে শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।