দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২০ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যুবদল নেতার ভাইয়ের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা প্রয়াত সিরাজ পিয়াদার ছেলে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদার ভাই প্রবাসী সজীব আল শাওন পিয়াদার বসতবাড়িতে গভীর রাতে ১৫–২০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় পরিবারের সদস্যরা পাশের নতুন বাড়িতে অবস্থান করায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। 

যুবদল নেতা সুমন পিয়াদা অভিযোগ করে বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরবাড়ি, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এ হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন। 

এদিকে একই রাতে উপজেলার মশাওড়া গ্রামে আরেক বিএনপি কর্মীর বাড়িতেও দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।