নোয়াখালীর চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল–ছাত্রদলের তালা, সেবা ব্যাহত

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:৪৫ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীর চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল–ছাত্রদলের তালা, সেবা ব্যাহত

নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আটটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে কেবল শাহাপুর ছাড়া বাকি আটটিতে তালা দেওয়া হয়। ইউনিয়নগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দাবি, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে। কয়েকটি পরিষদে তালা দেওয়ার সময় নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ আছে’ বলেও দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে চেয়ারম্যানের কক্ষের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ সময় সরকারি নথিপত্র তছনছ করার পাশাপাশি সেবা নিতে আসা মানুষ ও কর্মচারীদের বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদে যান একদল নেতাকর্মী। তারা ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে চেয়ারম্যান মোহাম্মদ মানিককে কার্যালয় ত্যাগ করতে বলেন। ওই সময় পরিষদে জন্মনিবন্ধন এবং নিম্নআয়ের মানুষের জন্য সরকারের টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলছিল। একপর্যায়ে চেয়ারম্যান ও কর্মচারীরা কক্ষ ত্যাগ করলে নেতাকর্মীরা সেখানে তালা ঝুলিয়ে দেন। এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের পণ্য বিতরণ করতে বাধ্য হন ডিলার।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, “বিষয়টি আমি সন্ধ্যার দিকে জেনেছি এবং বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। বর্তমানে দায়িত্ব পালনকারী চেয়ারম্যানদের অনেকের বিরুদ্ধে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলা নেতাদের সঙ্গে কথা বলব।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “স্থানীয় কিছু নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝানো হয়েছে যে, তাদের এমন কর্মকাণ্ড সরকারের শৃঙ্খলা পরিপন্থী। তারা ভুল বুঝতে পেরেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে সব ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুরোদমে আবার চালু হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।