বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী জখম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৪-৫ জন মুখোশধারী সেখানে এসে উপস্থিত হয়। হামলাকারীরা টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর একই স্থানে আরও একটি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করেন।
ঘটনার বিষয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, "অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। আমরা ধারণা করছি, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো ঘটনা।"
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ