এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় নিহতের ভগ্নিপতি মো. মামুন (৩৮) গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। এর আগে রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাসিনা আক্তার (৫২), তাঁর মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)। নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির সীমানা নিয়ে আব্দুল খালেক বুলুর পরিবারের সঙ্গে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত আটটার দিকে বুলুর পরিবারের বসানো একটি সীমানা পিলার ভেঙে ফেলে প্রতিপক্ষ। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে উভয় পক্ষ শান্ত হয়ে নিজ নিজ ঘরে ফিরে যায়।
পরবর্তীতে রাত ১০টার দিকে মনা তাঁর ভগ্নিপতি মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সঙ্গে পুনরায় তর্কে জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তাঁর হাতাহাতি হয়। স্থানীয়রা আবারও তাঁদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন।
পুলিশ জানায়, খবর পেয়ে আবুল কাশেমের আরেক ছেলে আরমান হোসেন রিমন রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। এরপর তিনি ছুরি নিয়ে ভাই ফুয়াদসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বুলুর বসতঘরের সামনে যান। ওই সময় মনা ঘরের দরজায় বসে মুঠোফোন ব্যবহার করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আরমান ও ফুয়াদ তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে বুক, পেট ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ভগ্নিপতি মামুন তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। হামলাকারীরা তখন তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। সংকটাপন্ন অবস্থায় মামুনকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অক্টোবর ১, ২০২৫
এপ্রিল ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।