মুন্সীগঞ্জে মাজারে ঢুকে দিনমজুরকে কুপিয়ে হত্যা

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
৫ নভেম্বর, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাজারে ঢুকে দিনমজুরকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে বুধবার রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে নিজ বাড়ির পাশের একটি মাজারের ভেতর এ হামলার ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জাহেদ বেপারী মাজারের ভক্ত ছিলেন। বুধবার রাতে তিনি নিজ বাড়ির পাশে অবস্থিত ‘হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ’ মাজার শরিফের একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার ফরিদ বেপারী আকস্মিকভাবে ওই কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জাহেদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

ওসি আরও জানান, অভিযুক্ত ফরিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।