বিএসএফের হাতে বাংলাদেশি আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

অনলাইন ডেস্কঃ
১১ আগস্ট, ২০২৬ ১:২৫ পিএম
শেয়ার করুন:
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধ কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষকের নাম আব্দুল মান্নান (৭০)। তিনি ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে আব্দুল মান্নান বাড়ির পাশে নিজের মরিচ ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যান। এ সময় সীমান্ত পিলার ১২৪/৪-এস সংলগ্ন শূন্যরেখা এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে তুলে নিয়ে যান। 

কৃষক আব্দুল মান্নানকে বিএসএফের তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরেই ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের অধিবাসীরা। পরে তাদের দ্রুত ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক ব্যক্তিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় কৃষিকাজের সময় বিএসএফ এক বাংলাদেশি কৃষককে আটক করে। পরবর্তীতে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি খুব বড় কোনো জটিলতা তৈরি করেনি। দ্রুতই বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।