ভান্ডারিয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
শেয়ার করুন:
ভান্ডারিয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

নিহত ওই হেলপারের নাম সিয়াম। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। 

বুধবার ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ নাশকতার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এসে অবস্থান নেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। ওই সময় সেখানে দায়িত্বরত টহল পুলিশ দ্রুত এগিয়ে এসে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা চালক ও শ্রমিকদের ডেকে নিরাপদে সরিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর পাঠায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভস্মীভূত ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। 

ক্ষতিগ্রস্ত পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ‘লিসা’ পরিবহনটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির বাসিন্দা অমিত পাল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।