মাদারীপুরে আশিকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত দাবি কবির মাতুব্বরের

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৮:০৩ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে আশিকের মরদেহ উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত দাবি কবির মাতুব্বরের

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার বাসিন্দা কবির মাতুব্বরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সম্প্রতি নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া যুবক আশিক খানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঘটকচর দত্তেরহাট এলাকার লাল মিয়া মুন্সির বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির মাতুব্বর বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আশিক খানের মরদেহ উদ্ধারের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তাঁর নাম জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, “এসব অভিযোগের কোনো সত্যতা বা ভিত্তি নেই। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশিকের মৃত্যুর ঘটনার গভীর ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার চার দিন পর গত রোববার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কান্দি ঘটকচর এলাকার একটি ডোবা থেকে আশিক খান (২৪) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সিরাজ মাতুব্বর, মুলাই ফরাজী, জয়নাল মাতুব্বর, নুর হোসেন মাতুব্বর, মিনজাল মাতুব্বর, সরোয়ার মাতুব্বর, রাসেল ফরাজী, আরিফ মাতুব্বর ও কালু ফরাজীসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।