সদরপুরে জমকালো আয়োজনে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন:
সদরপুরে জমকালো আয়োজনে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় সদরপুর উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” বক্তারা নতুন প্রজন্মকে বেশি বেশি মাঠমুখী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত দর্শকদের উল্লাস ও করতালি খেলোয়াড়দের মাঝে বাড়তি উদ্দীপনা জোগায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।