গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৫৪ এএম
শেয়ার করুন:
গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলটির অন্তত ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার ‘এবিএম ফ্যাশন’ ও ‘যমুনা’ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন, ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনদুর্ভোগ এড়াতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।