‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় খুকৃবি শিক্ষার্থীদের বাজিমাত: ৭ দলের ৪টিই নির্বাচিত

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
১২ নভেম্বর, ২০২৬ ১১:১১ পিএম
শেয়ার করুন:
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় খুকৃবি শিক্ষার্থীদের বাজিমাত: ৭ দলের ৪টিই নির্বাচিত

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তাশক্তির বিকাশে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ সাফল্য দেখিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী খুবি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ের এই বিজ্ঞানযজ্ঞে খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় মোট ৭৫টি উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়। কঠোর যাচাই-বাছাই শেষে বিচারকমণ্ডলী এর মধ্য থেকে ৫০টি প্রকল্পকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

এ প্রদর্শনীতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭টি দল অংশ নেয়। যার মধ্যে ৪টি দলই মেধার স্বাক্ষর রেখে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। নির্বাচিত দলগুলোর দলনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন যথাক্রমে মুশফিকুর রহমান, সজল আহমেদ, মুশফিকুর রহমান রিয়াদ এবং গাজী তানবীর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

দিনব্যাপী এ আয়োজনে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট ঘুরে দেখেন এবং তরুণ উদ্ভাবকদের চিন্তাভাবনা ও প্রকল্পের সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

প্রকল্প পরিদর্শন শেষে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত খুকৃবি শিক্ষার্থীদের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উদ্ভাবনগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের এই প্রকল্পগুলো অত্যন্ত আশাব্যঞ্জক এবং ভবিষ্যতে এগুলোকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যারা এমন উদ্যোগ নিয়েছেন, তারা যেন বৃহৎ পরিসরে জাতীয় উন্নয়নে কাজ করতে পারেন—সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, “আধুনিক ডিজিটাল যুগে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। শিক্ষার্থীদের উদ্ভাবিত এই বাস্তবমুখী চিন্তাগুলো যদি কাজে লাগানো যায়, তবে আমাদের প্রিয় বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও বহুদূর এগিয়ে যাবে।”

আয়োজক সংস্থা জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীদের চিহ্নিত করা এবং তাঁদের উদ্ভাবনী শক্তি ও গবেষণাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়াই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।