মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ১১:৫২ এএম
শেয়ার করুন:
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কর্তৃক ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলে আছড়ে পড়েছে। বৃহস্পতিবার ভোরে মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে এ ঘটনা ঘটে। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছিল। তবে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মাঝপথেই তা শনাক্ত করে ধ্বংস করে দেয়। পরে ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ সাবুহাহ গ্রামে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মক্কার ঘটনার পাশাপাশি দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোনও সফলভাবে আকাশেই ধ্বংস করেছে সৌদি প্রতিরক্ষাব্যবস্থা।

এর আগে বুধবারও সৌদি ভূখণ্ডে বড় ধরনের হামলার চেষ্টা চালায় হুতি বিদ্রোহীরা। জোটের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সৌদি আকাশসীমায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দেশটির পশ্চিমাঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। এছাড়া মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোনও ভূপাতিত করা হয়।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের জেরে সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জবাবে জোট বাহিনীও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।