মধুখালীতে রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ নভেম্বর, ২০২৬ ১০:১৭ পিএম
শেয়ার করুন:
মধুখালীতে রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার এই বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। আমি আশা করি, কৃষকেরা প্রাপ্ত এই বীজ ও সার যথাযথভাবে জমিতে ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী বলেন, “রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের মাধ্যমে ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগ মাঠপর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে রয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা। উদ্বোধনী পর্ব শেষে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারি প্রণোদনার এসব বীজ ও সার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।