কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ৫:৪৩ পিএম
শেয়ার করুন:
কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুলে অবতরণ করে। এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী বিকেলে সম্মেলনের মূল শহর আন্তালিয়ার উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই শীর্ষ নেতা বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন (১২ নভেম্বর) পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘জলবায়ু ন্যায়বিচার’, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, অভিযোজন, ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর করা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন। 

সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পর আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।