রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ২:০৪ পিএম
শেয়ার করুন:
রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

রাজশাহীর তানোর উপজেলায় রাতের আঁধারে একটি ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কার্যালয়টির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এলাকায় পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে দলীয় কার্যালয়ে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে।

ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, "রাতের আঁধারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের এই কাপুরুষোচিত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।"

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।