রেলপথ সংস্কারে ৪০ কোটি টাকার প্রকল্প: নোয়াখালী রুটে আসছে ‘সুবর্ণচর এক্সপ্রেস’

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৭ নভেম্বর, ২০২৬ ১১:৫০ এএম
শেয়ার করুন:
রেলপথ সংস্কারে ৪০ কোটি টাকার প্রকল্প: নোয়াখালী রুটে আসছে ‘সুবর্ণচর এক্সপ্রেস’

নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ প্রকল্পের আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। একই সঙ্গে ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালু এবং বন্ধ থাকা ‘নোয়াখালী এক্সপ্রেস’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম এবং নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জনপ্রশাসন সচিব বলেন, নোয়াখালী ও চৌমুহনী অঞ্চলের স্টেশনগুলোর প্ল্যাটফর্ম তুলনামূলক ছোট হওয়ায় যাত্রীদের ওঠানামায় চরম ভোগান্তি পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মের বিপরীত পাশে ৩০০ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত একটি নতুন অংশ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সম্প্রসারিত প্ল্যাটফর্মটি চালু হলে একযোগে ১৬টি কোচবিশিষ্ট ট্রেনের যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারবেন। এ ছাড়া প্ল্যাটফর্মের মেঝে পেভিং, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থার অসম্পূর্ণ কাজ সম্পন্ন এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধন করা হবে। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বন্ধ হয়ে যাওয়া ‘নোয়াখালী এক্সপ্রেস’ এবং নতুন বরাদ্দকৃত আন্তনগর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

রেলপথ আধুনিকায়নের কারিগরি দিক তুলে ধরে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসনের জন্য প্রায় ৪০ কোটি টাকার একটি প্যাকেজের দরপত্র গত ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। এ কাজের আওতায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা জরাজীর্ণ রেলপাত ও স্টিল স্লিপার পরিবর্তন, নতুন পাথর (ব্যালাস্ট) ফেলা, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়ন করা হবে। 

ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে তিনি আরও জানান, বর্তমানে মিটারগেজ ইঞ্জিনের (লোকোমোটিভ) কিছুটা সংকট থাকায় নতুন ট্রেন পরিচালনা সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে। তবে চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এসব আধুনিক ইঞ্জিন ও নতুন কোচ বহরে যুক্ত হবে। ইঞ্জিন ও কোচ যুক্ত হলে বর্তমানে চলাচলকারী ‘উপকূল এক্সপ্রেস’ আধুনিকায়নের পাশাপাশি বহুপ্রতীকিত ‘সুবর্ণচর এক্সপ্রেস’ পুরোদমে চালুর পথ সুগম হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।