বিজয়নগরের সিংগারবিলে ‘বিসমিল্লাহ অটো ওয়ার্কশপ’-এর বর্ণাঢ্য উদ্বোধন

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৬ নভেম্বর, ২০২৬ ১১:১৭ পিএম
শেয়ার করুন:
বিজয়নগরের সিংগারবিলে ‘বিসমিল্লাহ অটো ওয়ার্কশপ’-এর বর্ণাঢ্য উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মধ্যপাড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সেবামূলক প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ অটো ওয়ার্কশপ’। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় এক ভাবগম্ভীর মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।  

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবিরের (বাবু মিয়া) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়। পরে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ ও দক্ষ কারিগরের সমন্বয়ে অটোরিকশা, ভ্যানগাড়ি ও বাইসাইকেলসহ সব ধরনের যানবাহন সাশ্রয়ী মূল্যে মেরামতের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে যানবাহনের প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ পাইকারি ও খুচরা মূল্যে বিক্রির সুবিধা রয়েছে। ফলে স্থানীয় চালক ও সাধারণ গ্রাহকরা একই ছাদের নিচে মেরামত ও যন্ত্রাংশের সমাধান পাবেন।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় যানবাহন চালক ও বাসিন্দারা বলেন, এতদিন যেকোনো ছোটখাটো মেরামতের জন্য দূরের বাজারে যেতে হতো। এতে প্রচুর সময়, অর্থ ও শ্রমের অপচয় হতো। হাতের নাগালে এমন একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান চালু হওয়ায় চালকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। 

সচেতন মহলের মতে, প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবির (বাবু মিয়া) জানান, “আমাদের মূল লক্ষ্য কেবল ব্যবসাই নয়, বরং গ্রাহকদের সর্বোচ্চ আন্তরিক সেবা ও মানসম্মত যন্ত্রাংশ সরবরাহ করা। আমরা এলাকাবাসীর আস্থা অর্জনে সবসময় সচেষ্ট থাকব।”  

উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দা ও অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, দীর্ঘস্থায়িত্ব ও সমৃদ্ধি কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।