আগৈলঝাড়ায় মা ও শিশুর সুরক্ষায় ‘সারভাইভাল প্রোগ্রাম’-এর উদ্বোধন

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৫ নভেম্বর, ২০২৬ ১০:২২ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় মা ও শিশুর সুরক্ষায় ‘সারভাইভাল প্রোগ্রাম’-এর উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব এবং ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ‘সারভাইভাল প্রোগ্রাম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়াস্থ প্রকল্প কার্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আর্থিক সহযোগিতায় এই কার্যক্রমের আয়োজন করে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (রাহুতপাড়া)’। 

এলসিসি-র সভাপতি রেভা. জেমস মনিন্দ্র বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। 

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্টনারশিপ ফ্যাসিলিটেটর মিসেস সোফিয়া সুইটি কর্মকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার নোয়েল মিত্র, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম। 

এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন এলসিসি কমিটির সদস্য ফ্রন্সিস মিস্ত্রী, জিতেন রয়, তৃষা মোহরি, প্রকল্প কার্যালয়ের সহকারী লাভলী ফলিয়া ও নিলীমা সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোনো শিশুই যেন অবহেলা কিংবা অপুষ্টির শিকার না হয় এবং গর্ভকালীন ও প্রসবকালে কোনো মা যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন—সেজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি শিশুর জীবন নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় করে গড়ে তুলতে এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা আরও জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের অপুষ্টি দূর করে তাদের সুস্থ-সবল হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে এলাকার সুবিধাবঞ্চিত ১৫টি পরিবারকে অন্তর্ভুক্ত করে এই মানবিক কর্মসূচির সূচনা করা হয়। পরিশেষে, প্রকল্পের সার্বিক সাফল্য কামনায় উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।