আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ: সভাপতি আচ্ছু মিয়া, সম্পাদক মিলন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ নভেম্বর, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ: সভাপতি আচ্ছু মিয়া, সম্পাদক মিলন

উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান তুহিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ক্লাবের মোট ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। একটি ভোট বাতিল হওয়ায় এ পদে বৈধ ভোটের সংখ্যা ছিল ১৭টি। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে সভাপতি পদের নিষ্পত্তি হয়।

সহ-সভাপতি পদে তাজমিনুর রহমান তুহিন ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. তামিম আহমেদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। তিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদের মধ্যে মিলনই সর্বোচ্চ ভোট পাওয়ার গৌরব অর্জন করেন।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে তিনজন সদস্য ভোট দিতে পারেননি; তারা উপস্থিত থাকলে বিজয়ী প্রার্থীরা আরও বড় ব্যবধানে জয়লাভ করতেন। পুরো প্যানেল বিজয়ী হওয়ায় আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর এনায়েত হোসেন আশা প্রকাশ করে বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে বিশ্বাস করি।”

নির্বাচন প্রসঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান জানান, সবার সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বিধি মোতাবেক ফলাফল ঘোষণা করা হয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত কমিটি সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রাখা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সাংবাদিকদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।