বালিয়াকান্দিতে ‘নিখোঁজ’ ডেলিভারি ম্যান শাওন গোয়ালন্দ থেকে উদ্ধার

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে ‘নিখোঁজ’ ডেলিভারি ম্যান শাওন গোয়ালন্দ থেকে উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মালামাল বহনের ভ্যানগাড়ি ফেলে নিখোঁজ হওয়া ডেলিভারি ম্যান শাওনকে (২৬) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ রেলস্টেশন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া শাওন রাজবাড়ী সদর উপজেলার বেপারীপাড়া গ্রামের পাষাণের ছেলে। তিনি ‘রেডিয়েন্ট কেয়ার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কোম্পানির পণ্য সরবরাহের উদ্দেশ্যে রাজবাড়ী সদর থেকে বালিয়াকান্দির বহরপুর এলাকায় আসেন শাওন। বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ শেষে সন্ধ্যায় রাজবাড়ী ফেরার পথে ইসলামপুর ইউনিয়নের গাইজেরগাড়া ব্রিজের কাছে তাঁর ব্যবহৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে সেখানে শাওনের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আশপাশের এলাকায় রাতভর ব্যাপক তল্লাশি চালায়। ডেলিভারি ম্যানের কোনো সন্ধান না মেলায় পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। 

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শাওনকে উদ্ধার করে পুলিশ। এরপর বিষয়টি দ্রুত তাঁর পরিবারকে জানানো হয়।

পুলিশ জানায়, শাওন ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহ ও মানসিক টানাপোড়েনের কারণে তিনি স্বেচ্ছায় কোম্পানির ভ্যানগাড়িটি ফেলে রেখে আত্মগোপনে চলে গিয়েছিলেন। শাওনকে উদ্ধারের মাধ্যমে তাঁর নিখোঁজ সংক্রান্ত উদ্বেগের অবসান ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।