ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৪:২৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন কলেজের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ আয়োজনের জমকালো প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসউদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ফরিদপুর কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০০২ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজ ২০২৭ সালে গৌরবের ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন সারাদিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের অংশ হিসেবে ইতিমধ্যেই শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। আয়োজকরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম চালু হবে। উৎসবের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা জানা যাবে। 

**নিবন্ধন ফি:**  
* ২০০২ থেকে ২০২০ সালের শিক্ষার্থী এবং তাঁদের স্বামী/স্ত্রীর জন্য: ১,৫০০ টাকা।  
* ২০২১ সাল থেকে বর্তমান শিক্ষার্থীদের জন্য: ১,২০০ টাকা।  
* ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য: ৫০০ টাকা।  
নিবন্ধনকারী প্রত্যেকের জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মূল অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে কলেজের প্রতিষ্ঠালগ্নে যাঁরা অনন্য অবদান রেখেছেন, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশেষ করে ফরিদপুর মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা মৌলভী মশিহুর রহমান, কলেজ প্রতিষ্ঠাতা ও বর্তমান এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং কলেজটিকে এমপিওভুক্তিতে বিশেষ সহযোগিতা প্রদানকারী সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের ভূমিকা কৃতজ্ঞচিত্তে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল ইসলাম, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং অধ্যাপক এম এ সামাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক জাফর ইকবাল দুলাল, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ আবু জাফর শেখ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নিশান আহমেদ, অধ্যাপক মোকাররম হোসেন, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক শাহীন ইসলাম, আইসিটি বিভাগের অধ্যাপক খালেকুজ্জামান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মো. ইয়াসিন আলী এবং কলেজের সাবেক শিক্ষার্থী দিদারুল ইসলাম, আবু জাফর, জীবল আমিন ও এস এইচ এম মাহমুদ সুজনসহ শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

সবশেষে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসবকে সফল ও স্বার্থক করে তুলতে গণমাধ্যমকর্মীসহ কলেজের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।