প্রয়োজনে জামায়াত ছাড়ার ঘোষণা আমির হামজার

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৫:১৭ পিএম
শেয়ার করুন:
প্রয়োজনে জামায়াত ছাড়ার ঘোষণা আমির হামজার

দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিশোধ নিতে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও দলটির নেতা মুফতি আমির হামজা। 

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ফটোকার্ডে তিনি এমন মন্তব্য করেন। ফটোকার্ডটিতে লেখা ছিল—*‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব।’* 

পোস্টটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে প্রকাশের কিছু সময় পর, রাত সাড়ে ১০টার দিকে ফটোকার্ডটি তাঁর পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপেও আমির হামজাকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, *‘সবর-মবর (ধৈর্য) এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই। একটা মারলে, দুইটা মারব—সেই ব্যবস্থা...।’*

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। 

এ হামলায় স্থানীয় জামায়াতের অন্তত ছয়জন কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে।

উল্লেখ্য, এ হামলার ঘটনার আগের দিন এক সংবাদ সম্মেলনে আমির হামজা বলেছিলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’ এর কিছুদিন পরই জামায়াত নেতার বাসভবন ও কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

ফেসবুকে দেওয়া বিতর্কিত বক্তব্য এবং পরবর্তীতে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।