এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলের জন্য তৈরি ১৫টি কেরোসিনমিশ্রিত মশাল, একটি ব্যানার, দেশীয় সরঞ্জাম ও ‘হানিফ’ লেখা একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুর থানার মো. রুবেল (৩৫), লালমনিরহাটের আদিতমারী থানার সুজন কুমার রায় (২৭), শেরপুরের শ্রীবরদী থানার মো. আব্দুল হামিদ (১৯), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার মো. বাপ্পি হোসেন সাঈদ (২০), পটুয়াখালীর বাউফল থানার মো. ইউসুফ (২০) এবং সিরাজগঞ্জের কামারখন্দ থানার মো. রাকিবুল ইসলাম (২৩)। তাঁরা সাভারের হেমায়েতপুর, শোভাপুর, জয়নাবাড়ি, যাদুরচর ও ফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবির ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় বিশেষ এই অভিযান চালানো হয়। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় ডেলিগেট গার্মেন্টসের সামনে একটি বাসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।
অভিযানকালে পুলিশ বাঁশের লাঠির মাথায় পাটের চট পেঁচিয়ে তৈরি ১৫টি কেরোসিনমিশ্রিত মশাল, একটি হাতুড়ি, একটি করাত, ৭০০ গ্রাম জিআই তার এবং ১২ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি ব্যানার জব্দ করে। ব্যানারে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মশাল মিছিল’, আবির মাসুম ও সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের নাম উল্লেখ ছিল। এ ছাড়া মিছিলের কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা লাল-সিলভার রঙের ‘হানিফ’ লেখা বাসটিও জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিল বা যেকোনো ধরনের নাশকতা চালিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্তেও অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।