রাঙামাটি বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ দুর্ঘটনায় নিহত ১

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৯:২৮ পিএম
শেয়ার করুন:
রাঙামাটি বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ দুর্ঘটনায় নিহত ১

রাঙামাটি বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় দুগ্ধজাত পণ্য বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবুল খায়ের গ্রুপের দুগ্ধ সামগ্রী নিয়ে পিকআপ ভ্যানটি বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন।

আহতদের প্রথমে দ্রুত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুজনের অবস্থারই অবনতি হতে থাকলে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। এরপর বিকেল ৫টার পর তাদের রাঙ্গুনীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক খোকন দে (৪৫)-কে মৃত ঘোষণা করেন। তিনি অজিত দে-এর ছেলে।আহত অপর ব্যক্তি হলেন আমজাদ হোসেন (৬০) (পিতার নাম অজ্ঞাত)। পুলিশ জানিয়েছে, নিহত ও আহত উভয়ের বাড়ি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনীয়ার শিলক গ্রামে।

দুর্ঘটনায় একজন প্রাণ হারানোর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, আহত অবস্থায় গাড়ির চালককে পুলিশ হেফাজতে বা গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।