নির্বাচনী বিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাপ্তাইয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তার

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jan 20, 2026 - 16:21
নির্বাচনী বিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাপ্তাইয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তার

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও চিত্রের মাধ্যমে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীকে বিধিমালার ৪ থেকে ২৫ নম্বর পর্যন্ত সকল বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইউএনও তাঁর বক্তব্যে আচরণবিধির কিছু মূল বিষয় উল্লেখ করে বলেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা, অনুদান, উপহার প্রদান বা এর প্রতিশ্রুতি দেওয়া যাবে না। প্রার্থীরা কোনো প্রতিষ্ঠান বা সমিতি থেকে কোনো ধরনের সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। এছাড়া প্রচারণার কাজে সরকারি সার্কিট হাউজ, ডাকবাংলো বা রেস্ট হাউজ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।”

অবহিতকরণ সভায় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. রহমত উল্লাহ ও ইকরাম হোসেন বেলাল, আহ্বায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন মামুন। এছাড়া কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আবুল হাসেমসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow