তিন দাবিতে নির্বাচন ভবন ঘেরাও: ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদলের

অনলাইন ডেস্কঃ
Jan 18, 2026 - 15:50
তিন দাবিতে নির্বাচন ভবন ঘেরাও: ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদলের
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, বিশেষ রাজনৈতিক দলের প্রভাব এবং বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ এনে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং বিভিন্ন থানা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বেলা ১১টার দিকে কর্মসূচির নেতৃত্ব দিতে সেখানে উপস্থিত হন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রমে ব্যালট পেপার ইস্যুসহ বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও প্রতিপত্তি কমিশনের সিদ্ধান্তে স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে আমরা গতকাল অনানুষ্ঠানিকভাবে ইসি ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

কমিশনের জবাবদিহিতা দাবি করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাকিব বলেন, ‘আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং বিশেষ মহলের প্রভাব বন্ধ না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

যে তিন অভিযোগে ছাত্রদলের এই কর্মসূচি:
ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে—

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিতর্ক: পোস্টাল ব্যালট ইস্যুতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ দাবি করেছে ছাত্রদল, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে তাদের মধ্যে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ: একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশন দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে, যা সাংবিধানিক এই প্রতিষ্ঠানের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

৩. শাবিপ্রবি নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে বলে দাবি ছাত্রদলের। একে তারা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য ‘অশনিসংকেত’ হিসেবে অভিহিত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow