প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ২:৫০ পিএম
শেয়ার করুন:
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের লিখিত নিয়োগ পরীক্ষা। আকস্মিক এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং প্রশ্নফাঁসের প্রতিকার চেয়ে রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়। তবে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে প্রশ্ন ও উত্তরপত্র দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো পরিদর্শক কক্ষে আসেননি। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও সংশয় তৈরি হয়। দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্র কর্তৃপক্ষ এসে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায়। এতে প্রার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় নেমে আসেন।

আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায়, ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গেই নিয়োগ পরীক্ষার প্রশ্নের মিল রয়েছে। 

পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি ঘটছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা লাখ লাখ চাকরিপ্রার্থী যাতায়াত ও আবাসনের পেছনে হাজার হাজার টাকা খরচ করে কেন্দ্রে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন। অবিলম্বে প্রশ্নফাঁস চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি শূন্য পদের বিপরীতে সারা দেশ থেকে ৩ লাখেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে পরীক্ষা শুরুর মুখে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পুরো নিয়োগ প্রক্রিয়াই এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।