কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ২:৪৫ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন ওই গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি মাঠে ঘাস কাটতে যান সাজুল হোসেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে ছররা গুলির আঘাতে সাজুলের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন।

এদিকে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত হওয়ার খবর পাওয়া মাত্রই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সীমান্তে অবস্থানরত স্থানীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বিজিবি সদস্যরাও পাল্টা ফায়ার করেন। 

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নিয়েছেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।