নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৯ পিএম
শেয়ার করুন:
নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনায় স্থানীয় কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবদল নেতাসহ বেশ কয়েকজন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা।

দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শোভাযাত্রার কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং পেছনের দিকে থাকা নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়।

এ হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খুলনা নেওয়ার পথেই শাহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। 

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ক্যাডাররা পূর্বপরিকল্পিতভাবে এ রক্তক্ষয়ী হামলা চালিয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনের দিকে দলছুট হয়ে পড়া নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মাত্রাতিরিক্ত মারধর করা হয়। এতে গুরুতর আহত দুইজনের মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, এলাকায় উত্তেজনা নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।