ড্রোনের নজরদারি, মাঠে এপিসি: গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ১১:৩২ এএম
শেয়ার করুন:
ড্রোনের নজরদারি, মাঠে এপিসি: গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারে জেলাজুড়ে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আকাশে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি সড়কে সাঁজোয়া যান (এপিসি) নিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হলো।

জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেবেন। একইসঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনকালে সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেবেন। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।