নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গৃহায়ন প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসন

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৭:৪৬ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গৃহায়ন প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে ঢেউটিন, চাল, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচির আওতায় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে একটি মন্দিরসহ মোট ২২টি ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য ৪৪ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন এবং চেকের মাধ্যমে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

সহায়তাপ্রাপ্ত ২১টি পরিবারের সদস্যরা হলেন— সুদেব মজুমদার, বাদশা হাওলাদার, খাদিজা বেগম, আবুল কালাম গাজী, তপন মিস্ত্রী, মো. জিয়াউল, রুবেল হাওলাদার, আব্দুল হাই শেখ, ধীরেন শীল, পরিমল মিস্ত্রী, ইউনুস গাজী, প্রণব সাধক, মো. কামাল হোসেন, মাসুম হাওলাদার, খালেক ফকির, জাকির হোসেন, মনতোষ হালদার, সাথী আক্তার, মো. রফিক সিকদার, তানবীর ও মাহফুল ফকির।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, ‘রুদ্রপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সার্বক্ষণিক ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। তাঁদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও স্থানীয় পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন। বসতঘর হারিয়ে অনেকেই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।