জিয়ানগরে আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৬:১৯ পিএম
শেয়ার করুন:
জিয়ানগরে আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী মো. মনির হোসেন ও তাঁর ছেলের বিরুদ্ধে কামরুল আহসান ইব্রাহিম (৫৫) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগের নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ঐ শিক্ষক ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ শিক্ষক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত শিক্ষকের স্বজনরা জানান,প্রায় এক বছর আগে অভিযুক্ত মনির ভুক্তভোগী শিক্ষকের জমি বিক্রির টাকা থেকে দেড় লাখ টাকা ধার নেন। টাকা ফেরত দেওয়ার একাধিক তারিখের পর বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার কথা বলে মনির তাকে বাড়ির সামনে ডেকে নেন। সেখানে গেলে মনির ও তাঁর ছেলে পূর্ব পরিকল্পিতভাবে লোহার লাইট দিয়ে তাঁর ওপর হামলা চালায়। ভুক্তভোগী ঐ শিক্ষকের আত্নচিৎকারে স্হানীয় লোকজন ছুটে এসে আহত ঐ শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, মনির হোসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের পালকপুত্র ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিভিন্ন সময় বিএনপি ও জামায়াতের পরিচয় ব্যবহার করে চলাফেরা করেন বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ভুক্তভোগী ঐ শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় শেখ হাসিনা সরকারের আমলে বেশ দাপুটে ছিলেন।হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তিনি রাজনৈতিক মামলায় কারাভোগ করেছেন বলেও জানা যায়। 

অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, তিনি কোনো টাকা পান না। প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।

জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন,ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি কিন্তু এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।