ভেটেরিনারি পেশার সংকট নিরসনে চার দফা দাবি, প্রাণিসম্পদ অধিদপ্তরে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারকলিপি

নাজমুস সাকিব, ক্যাম্পাস প্রতিনিধি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৯:৫১ পিএম
শেয়ার করুন:
ভেটেরিনারি পেশার সংকট নিরসনে চার দফা দাবি, প্রাণিসম্পদ অধিদপ্তরে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারকলিপি

ভেটেরিনারি পেশার বিদ্যমান সংকট নিরসন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং পেশাগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চার দফা দাবি জানিয়েছেন দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এই দাবিতে গত বুধবার (২৫ নভেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (BVSWA) সভাপতি মো. আতিকুল ইসলাম। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বুরহান সিয়ামসহ দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) প্রতিনিধি হিসেবে অংশ নেন ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান ও মো. সোহেল রানা।

শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি হলো—

১) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পদ সৃষ্টি: জাতীয় সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া ঘোষণার আলোকে প্রতিটি উপজেলা পর্যায়ে চারটি এবং প্রতি তিনটি ইউনিয়নের জন্য একটি করে ভেটেরিনারি সার্জনের পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত বাস্তবায়ন।

২) বিএলআরআইয়ের নিয়োগবিধি সংশোধন: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে এন্ট্রি-লেভেলের সব পদে আবেদনের যোগ্যতা হিসেবে সমন্বিত ডিগ্রি ‘বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’ অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সংশোধন আনা।

৩) অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা: প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে ভেটেরিনারি সার্ভিসকে রাষ্ট্রীয়ভাবে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করা।

৪) পাবলিক হেলথ অফিসার নিয়োগ: নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভায় একজন করে ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আগামী ৩ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। ওই সভায় দাবিগুলো বাস্তবায়নের রূপরেখা ও পরবর্তী করণীয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে তাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এটি বাস্তবায়িত হলে ভেটেরিনারি পেশার কর্মক্ষেত্র প্রসারিত হওয়ার পাশাপাশি দেশের প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ইতিবাচক ও যুগান্তকারী ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।