নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে প্রাণ হারাল সবার আদরের চিত্রা হরিণ ‘বিজলী’

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন:
নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে প্রাণ হারাল সবার আদরের চিত্রা হরিণ ‘বিজলী’

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে দ্বীপবাসীর অতি আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে মানুষের ভালোবাসা ও সান্নিধ্যে বেড়ে ওঠা হরিণটির এমন করুণ মৃত্যুতে পুরো দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বন বিভাগের জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হয় বিজলী। এতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার দুপুরে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে উদ্ধার করে নামার বাজারে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর পরম মমতায় দুধ খাইয়ে ও সেবা-যত্ন করে তাকে বড় করে তোলেন তারা। মানুষের আদর ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত প্রায় এক দশক ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গভীর সখ্য গড়ে উঠেছিল। 

লোকালয়ে অবাধে ঘুরে বেড়ানো বিজলী অনেকের কাছেই ছিল পরিবারের সদস্যের মতো। মানুষও তাকে আদর করে খাবার দিত; তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। নিঝুমদ্বীপে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছেও সে ছিল বেশ পরিচিত ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রিয় হরিণটিকে হারিয়ে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।