নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে একলাশপুর ইউনিয়নের একটি টার্ফ সংলগ্ন সড়ক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে মহাসড়কে ওঠেন। মিছিলে তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে। পরে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। 

এদিকে মিছিলটি শেষ হওয়ার পর রোববার (২৫ অক্টোবর) নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলটির ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মিছিল থেকে আটজনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মিছিলে অংশ নেওয়া অন্য পলাতক নেতাকর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।