সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন পিরোজপুরের এলিজা জামান, মনোনয়নপত্র জমা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন পিরোজপুরের এলিজা জামান, মনোনয়নপত্র জমা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। 

সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে বিগত ২২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এলিজা জামানকে এই আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। 

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। এ সময় তাকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তৃণমূল থেকে উঠে আসা এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এলিজা জামান। তিনি ২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং একই বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে ২০০৪ সালে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘মাদার তেরেসা স্বর্ণপদক’-এ ভূষিত হন।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৮ অক্টোবর এবং তা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। এছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ আসনে একক প্রার্থী থাকলে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষেই এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।