মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ: মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৪ অক্টোবর, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন:
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ: মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মাগুরা। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মাগুরা প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা সাকের হোসেন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি মহল হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য প্রকাশিত হচ্ছে। এ সময় তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এদিকে, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পার হলেও ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে নিহতের গ্রামের বাড়ি পারনান্দুয়ালী এলাকায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নারী, শিশুসহ দূরপাল্লার শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে সাকের হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।