আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১২:৩৬ পিএম
শেয়ার করুন:
আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশটির জাতীয় কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

শনিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, লাহোরে আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার তাঁর রূহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরবর্তী সময়ে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল করাচিতে অবস্থিত পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি সম্পন্ন করে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে পৌঁছান বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। করাচি বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহের পক্ষ থেকে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে যোগ দিলে স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ বাংলাদেশের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। 

স্পিকারের নেতৃত্বে সফররত উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে রয়েছেন—পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে বাংলাদেশের এই সংসদীয় প্রতিনিধি দল ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে গেছেন। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন ছাড়াও দেশটির শীর্ষ প্রাদেশিক নেতৃত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক সুদৃঢ়করণ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।