‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৫:৪৩ পিএম
শেয়ার করুন:
‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন সময়ে দেশে আসেননি; এখন দেশে ফিরতে হলে ভারতের সঙ্গে সম্পাদিত বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি সাফ জানিয়েছেন, এর বাইরে তাঁর দেশে ফেরার আর কোনো পথ নেই।

শনিবার সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি দলটিকে ‘সন্ত্রাসী ও মাফিয়া দল’ আখ্যা দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালিয়ে তারা প্রমাণ করেছে যে তারা নিজেদের শুধরায়নি। এটাই আওয়ামী লীগের আসল চরিত্র এবং জনগণ তা প্রত্যক্ষ করছে। এই জনরোষের কারণেই চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তাদের পতন ঘটিয়েছে।

এ সময় আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে কৃত্রিম মরুকরণ সৃষ্টি করার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ। 

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।