মাদারীপুরে কান ও নাক কেটে গহনা ছিনতাই, হামলায় বৃদ্ধার মৃত্যু

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:৪৮ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে কান ও নাক কেটে গহনা ছিনতাই, হামলায় বৃদ্ধার মৃত্যু

মাদারীপুরে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। 

নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করছিলেন বেগম বিবি। এ সময় বৃদ্ধাকে একা পেয়ে ঘরে ঢুকে এক ছিনতাইকারী তাঁর কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারী পাশে থাকা একটি ভারী মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় সজোরে আঘাত করে। আঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পাষণ্ড ছিনতাইকারী তাঁর কান কেটে স্বর্ণের দুল ও নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ও স্বজনরা এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।