নওগাঁয় মায়ের ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানখেতে মিলল মরদেহ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৬:৩১ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় মায়ের ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানখেতে মিলল মরদেহ

মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না এরশাদের (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে রাস্তার পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের পাশে খাজুর-বাগডোব পাকা সড়কসংলগ্ন একটি ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় ধানকাটা শ্রমিকরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর স্বজন ও এলাকাবাসী তাঁকে শনাক্ত করেন।

নিহতের স্বজন হাফেজ মো. ইউসুফ আলী জানান, এরশাদ তাঁর ভাস্তি জামাই। মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারের উদ্দেশে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

তিনি আরও জানান, এরশাদ প্রায় ১০ বছর ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেছেন। ছয় মাস আগে বাড়িতে ফিরে আসার পর আর ঢাকায় যাননি।

স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় এরশাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্বৃত্তরা তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানখেতে ফেলে রাখা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।