রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

অনলাইন ডেস্কঃ
৯ জুলাই, ২০২৬ ১১:৩৫ এএম
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী শিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে তাদের আরেক সন্তান। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বুধবার দিবাগত রাতে উখিয়ার ৬ নম্বর কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৬ ব্লকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— অভিযুক্ত এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নূর ওরফে সুফিয়া (৩০) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম। এ ঘটনায় তাদের বড় ছেলে মো. আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

কুতুপালং ক্যাম্পের মাঝি (কমিউনিটি লিডার) মোহাম্মদ হুসাইন জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার রাতে এহেতাসামুল হকের সঙ্গে তার স্ত্রী সুফিয়ার তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে এহেতাসামুল ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও তার ছোট ছেলে শামীম প্রাণ হারান। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় বড় ছেলে আফছারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। 

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।